কুমিল্লায় নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭৩ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় পজেটিভ শনাক্ত হওয়া মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। তবে আগের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা। জেলায় মঙ্গলবার একদিনে সর্বোচ্চসংখ্যক ২৪১ জন ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ১২ জন, দেবিদ্বারে ৯ জন, বুড়িচংয়ে ৪ জন, নাঙ্গলকোটে ৫ জন এবং লাকসাম, চান্দিনা ও মনোহরগঞ্জে একজন করে তিনসহ নতুন শনাক্ত হয়েছেন ৮১ জন। এছাড়াও দেবিদ্বার ও চৌদ্দগ্রামে মারা গেছেন ২ ব্যক্তি। জেলায় নতুন করে ২৪১ জন করোনায় সুস্থ হয়েছেন। এর মধ্যে চান্দিনায় ১১৩ জন, বুড়িচংয়ে চারজন, চৌদ্দগ্রামে ৯৪ জন, মেঘনায় ১৪ জন, দেবিদ্বারে ৭ জন, নাঙ্গলকোটে ২ জন, সদর দক্ষিণে ২ জন ও মনোহরগঞ্জে ৫ জন। এ পর্যন্ত জেলা থেকে ১৭ হাজার ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং রিপোর্ট এসেছে ১৫ হাজার ৪১২ জনের। এর মধ্যে মোট পজিটিভ ফল এসেছে ২ হাজার ৮৭৩ জনের।
আরও পড়ুন: লালমনিরহাটে সরকারি ওষুধ মেডিকেল সরঞ্জামসহ দম্পতি আটক
এদিকে কুমিল্লা কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত সোমবার (২২ জুন) রাত থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত মারা গেছেন ৬ জন ব্যক্তি। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা জেলার ৪ জন ও চাঁদপুর জেলার ২ জন রয়েছেন। তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১২১ জন ভর্তি আছেন। এসব রোগীর মধ্যে আইসিইউতে আছেন ১০ জন, আইসোলেশন সেন্টারে আছেন ৭৩ জন এবং করোনা ওয়ার্ডে আছেন ৩৮ জন।
ইত্তেফাক/এসি
