কুমেক হাসপাতালে করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৭:০০

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী। শনিবার দুপুরে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্র জানায়, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০), চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫)।

আরও পড়ুন: রাজশাহীতে শোক শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও পরিবারকে স্মরণ

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৫১ জন মারা গেছেন।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, কুমিল্লায় এখন পর্যন্ত ছয় হাজার ১৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১৫৪ জন।

ইত্তেফাক/এসি