ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না হওয়ায় অবসরের ঘোষণা দিয়েছেন আম্বাতি রায়ডু। একদিনের ক্রিকেটে সফল এই ব্যাটসম্যান বিদায় নিলেন মনে কষ্ট নিয়েই।
সেই ছোটবেলাতেই নিজের জাত চিনিয়েছিলেন ভারতের মিডল অর্ডারের অন্যতম ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। তারপরও ব্যাটসম্যানদের অভয়ারণ্য ভারতের জাতীয় দলে প্রবেশ করতেই চলে যায় ক্যারিয়ারের বড় একটা সময়। ২০১৩ সালে একদিনের ম্যাচে ডেবু হলেও খেলা হয়নি কোনো টেস্ট ক্রিকেট। সেখানে নিজেকে ভালোভাবেই প্রমাণ করেন। ৫৫টি একদিনের ম্যাচ খেলে ৪৭.০৫ গড়ে ১৬৯৪ রান আসে তার ব্যাট থেকে। বিশ্বকাপের চলতি আসরে দলের চার নম্বর ব্যাটসম্যানের জন্য তাকে পছন্দের কথাও জানিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শেষপর্যন্ত সুযোগ হয়নি তার।
রায়ডু মঙ্গলবারই তাঁর ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন। তার আগেই বিজয় শঙ্করের জায়গায় ভারতের বিশ্বকাপ দলে নেয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। যেটা মেনে নিতে পারেননি তিনি। ১৫ জনের দলে ডাক না পেয়েই তিনি তাঁর হতাশা প্রকাশ করেছিলেন। এরপর দু'জন শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তাঁর ডাক আসেনি। তিনি বুঝেও গিয়েছিল তিনি আর ডাক পাবেন না হয়তো। সে কারণেই এই সরে দাঁড়ানো। রায়ডুর অবসরের মেলে তিনি অধিনায়ক বিরাট কোহলিকে তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
অম্বাতি রায়ডুকে বাদ দিয়ে বিজয় শঙ্করকে নেয়ার বিষয়ে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, বিজয় শঙ্করের ‘থ্রি ডাইমেনশন স্কিল' এর জন্যই তাঁকে দলে রাখা হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মজাও হয়েছে। রায়ডুই টুইটে লিখেছিলেন, বিশ্বকাপ দেখার জন্য থ্রিডি গ্লাস অর্ডার করেছেন।'
ইত্তেফাক/এএম

