শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সিলেট অঞ্চলের ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধায়নে ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে শাবির গণিত বিভাগ এ অলিম্পিয়াডের আয়োজন করে।
এবারের প্রতিযোগিতা দুটি পর্বে ভাগ করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের প্রধান অতিথি শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ অলিম্পিয়াডের উদ্ধোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, গণিতকে বিজ্ঞানের জননী বলা হয়। কেননা, গণিত ছাড়া বিজ্ঞান কল্পনা করা যায় না। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য তিনি বলেন, যে গণিতকে ভালোবেসে এ অলিম্পিয়াডে অংশ নিয়েছ সেটা ধরে রাখো। সবার মাঝে গণিতকে ছড়িয়ে দাও। বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরিতে তোমাদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক মো. শাহ নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১০টা হতে পরীক্ষা শুরু হয়। যেটা সকাল ১১টা পর্যন্ত চলে। এর আগে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের রিপোর্টিং শুরু হয়। অনুষ্ঠানের ২য় পর্বে রয়েছে প্রশ্নোত্তর পর্ব। যেটা দুপুর ২টায় শুরু হবে। আর বিকাল ৩টায় পুরস্কার পর্ব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশেকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। সিলেট অঞ্চলের অধীনে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। প্রতিটি অঞ্চল থেকে ১০জন প্রতিযোগিকে নির্বাচন করা হবে যার মধ্যে কমপক্ষে ২জন নারী প্রতিযোগী থাকবে। আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত সর্বোচ্চ ৮০জন প্রতিযোগী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আগামী ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/আরকেজি

