রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্যক্তের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যৌন হয়রানির শিকার একজন শিক্ষার্থী মামলাটি করেছেন বলে শনিবার বিকালে নিশ্চিত করেছেন নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির।
অভিযুক্ত ওই শিক্ষক চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন। এর আগে গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে ১৩ জন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগে উল্লেখ করেন, ‘বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশোনা এবং অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না।’
অভিযোগপত্রে ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীরা আরও উল্লেখ করেন, ‘কারণে অকারণে স্যার আমাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অনেকসময় সবার সামনে গায়ে হাত দেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।’
সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়ে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার চিন্তা ছিলো। এরমধ্যে আবার মামলা করেছেন একজন। যেটা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।’
আরো পড়ুন: শাহিদকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফেঁসে গেলেন শ্রাবন্তী
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, একজন শিক্ষার্থী শিক্ষক আমেরুল মোমেনীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর মতামতের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ইত্তেফাক/এএএম
