দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক রুখসানা রশীদ এফসিএমএ। গেস্ট অব অনার হিসেবে এ কে কাশেম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার আক্তার সানজিদা কাশেম এফসিএ, এফসিএমএ এবং কে কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা এশা মাহিন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা
প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা ইন্দিরা সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা জানান। তার মন্ত্রণালয় এই বিশেষ বছরের বিভিন্ন কর্মসূচিতে সর্বাগ্রে অর্ন্তভুক্ত রয়েছে এবং কাজ করার মাধ্যমে নারীদের কর্মক্ষেত্রে ক্ষমতায়নের সুযোগ সৃষ্টিতে সচেষ্ট রয়েছে বলেও তিনি অবহিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিত করবে। এই সরকার সব সময়েই নারীবান্ধব বিভিন্ন নীতি ও কর্মসূচি গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ রয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে গিয়েছে। মুজিববর্ষে ৫০ লক্ষ নারীর কর্মসংস্থান নিশ্চিত ও ১ লক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টি করা হবে। বঙ্গবন্ধু ও তার পরিবার যেভাবে নারীর ক্ষমতায়নে সচেষ্ট ছিলেন, বর্তমান সরকার সেই নীতিতে অবিচল রয়েছে।'
তিনি আরও জানান, দেশের সব জেলায় কর্মজীবী নারীদের নিরাপত্তা ও কাজ সুসংহত করার লক্ষ্যে বর্তমান সরকার কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন করবে।
আইসিএমএবি সভাপতি জনাব মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ ইনস্টিটিউটের সার্বিক পরিচয় তুলে ধরার সাথে সাথে মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সিএমএ পেশার সার্বিক উন্নয়ন এবং প্রসারের জন্য তাকে ও তার মন্ত্রণালয়ের সার্বিক সহায়তা কামনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবি সহ-সভাপতি জনাব মো. মামুনুর রশীদ এফসিএমএ এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সচিব জনাব মো. মনিরুল ইসলাম এফসিএমএ। সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্য জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ প্রতিমন্ত্রীর অসাধারণ রাজনৈতিক জীবন ও প্রজ্ঞার প্রশংসা করেন এবং সিএমএ পেশার উন্নয়ন ও প্রসারে তার কাছ থেকে সহযোগিতা কামনা করেন।
কাউন্সিল সদস্য, সাবেক সভাপতি, সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আগত সংবাদকর্মীগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম

