ইবি ল্যাব স্কুলের কলেজ শাখায় প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৫২

দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাব স্কুল এন্ড কলেজ শাখায় প্রথমবারের মতো ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও যশোর শিক্ষাবোর্ডের পাঠানো তথ্যমতে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন,‘ ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ প্রথমবারের মত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের অনুমোদন পেয়েছে। বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৩.৫০ নির্ধারিত হয়েছে। স্কুলটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নানামুখী জটিলতা থাকলেও বর্তমান প্রশাসনের তদারকিতে শিক্ষক-কর্মচারীবৃন্দের চাকরি নিশ্চিতকরণ সহ ৮.২৪ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে। ধারাবাহিক এমন উন্নতিতে শিক্ষামন্ত্রণালয় ও যশোর শিক্ষাবোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির অনুমোদনে আমরা কৃতজ্ঞ। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন করা যাবে।’

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ইবি ল্যাব স্কুলে কলেজ শাখা চালুকরণ বিশ^বিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল। কলেজ শাখার গুণগত উৎকর্ষতা সাধনে সার্বিক ব্যবস্থা গৃহীত হয়েছে। আমার দায়িত্বকালের শেষ প্রান্তে এসে এমন কার্যক্রমে আমি আনন্দিত। ইবি পরিবারকে কলেজটি স্বয়ংসম্পূর্ণতা দিবে। শিক্ষামন্ত্রণালয় এবং যশোরবোর্ড সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।

ইত্তেফাক/এএম