জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. ইমদাদুল হক। যিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।
আজ মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্যের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ড. মীজানুর রহমান গত ১৮ মার্চ উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করেন। তার মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন আহমেদকে রুটিন দায়িত্ব দেয় সরকার।
উপ সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক
আদেশে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে আগের পদের মেয়াদের অবশিষ্ট সময় পূর্ণ করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও প্রশাসনিক ভবন
বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক এ. কে. এম. সিরাজুল ইসলাম খান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হোসেন সিদ্দিক দ্বিতীয় উপাচার্য হিসেবে একবছর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদকে তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর ওই বছরের ১৯ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানকে চার বছরের জন্য চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রথম মেয়াদ শেষে ২০১৭ সালে তাকে পুনরায় দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়।
ইত্তেফাক/কেকে

