র‍্যাব পরিচয়ে জাবি শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ওই শিক্ষার্থীর নাম মুহাম্মদ বনী আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর রুমমেট ও সহপাঠী তোহা ইত্তেফাককে বলেন, র‌্যাব-৪ পরিচয়ে কয়েকজন মেসে ঢুকে আমাদের কক্ষে তল্লাশি চালান। এ সময় আমাকে আলাদা একটি কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। পরে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে জানিয়ে বনি আমিনকে গাড়িতে তোলেন তারা। আমরা তাদের বাধা দিয়ে যোগাযোগের মাধ্যম জানতে চাই। তখন আমাদের র‍্যাব সদর দফতরে যোগাযোগ করতে বলেন।

তিনি আরও বলেন, তাদেরকে বাধা দেওয়ায় আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত বনি আমিনকে নিয়ে চলে যান। তারা বনি আমিনের জিনিসপত্র রাখা একটি বস্তা সঙ্গে নিয়ে যায়। তবে আমার জানা মতে, ওই বস্তায় একটি নষ্ট কম্পিউটার ছিল। অন্যকিছু ছিল কিনা, তা আমার জানা নেই।

র‌্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক বলেন, আমি এ ব্যাপারে এখনো কিছু জানি না। পরে জানাবো।

ইত্তেফাক/কেকে