রাবিতে শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক (তৃতীয় বিজ্ঞান) ভবনের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সুরমান আলী সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

ভুক্তভোগী সুরমান জানান, বুধবার রাতে টিউশনি শেষে বাইসাইকেলযোগে হলে ফিরছিলেন। ক্যাম্পাসের তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনের রাস্তায় দুটি মোটরসাইকেল নিয়ে আগে থেকেই পাঁচজন যুবক দাঁড়িয়েছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তারা দাঁড়ানোর জন্য ইশারা দেয়। তিনি সাইকেল থামাতেই মাথায় ও কোমরে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও মানিব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। মানিব্যাগে টিউশনের বেতনের তিন হাজার টাকা ছিল। ছিনতাইকারীদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে চিনতে পারিনি।’

আরও পড়ুনঃ কিশোরগঞ্জে স্কুলছাত্রী অপহরণের দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.লুৎফর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। পুলিশকে জানানো হয়েছে। পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে এবং তাদের ছদ্মবেশে ক্যাম্পাসে টহল বাড়াতে বলা হয়েছে।’

ইত্তেফাক/নূহু