রুয়েটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৫:৩০

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রুয়েটের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৮২৮০ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ পর্যন্ত ৭৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডয়ের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (দুই কপি) অবশ্যই সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট উপজাতি/ ক্ষুদ্র জাতিতত্ত্বা/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল/হেডম্যান/গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যতিত অন্য কোনো ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। এসময় আগামী ০৪ নভেম্বর ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: দেবহাটায় বাস চাপায় বৃদ্ধ নিহত

এসময় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় ১২৩৫টি আসনের বিপরীতে ৯০৬০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, উপ-পরিচালক মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, কেন্দ্রীয় ভাণ্ডারের ইনচার্জ শ্যাম দত্ত, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ, জনসংযোগ দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আ.ফ.ম. মাহমুদুর রহমান প্রমুখ।

ইত্তেফাক/এএএম