চলছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেনে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ইশরাক ইশরাক হোসেন। কিন্তু দুই সিটির বেশ কিছু কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই উপস্থিত নেই বিএনপির পোলিং এজেন্টরা।
ইশরাক প্রায় ১৪ কেন্দ্রে নিজ এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ করলেও নিজ কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে জানান। একইভাবে অভিযোগ করেছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। যদিও নিজ ভোট কেন্দ্র নিয়ে কোন অভিযোগ করেননি তিনি।
ঢাকা দক্ষিণের বেশ কিছু কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের উপস্থিতি না দেখে প্রিজাইডিং অফিসারদের কাছে জানতে চাইলে তারা বলেন, সকাল থেকেই বিএনপির পোলিং এজেন্টরা আসেননি। তাদেরকে বের করে দেয়ার কোন অভিযোগও পাইনি আমরা। একই অবস্থা ঢাকা উত্তরের কেন্দ্রগুলোতে।
এদিকে ভোট দেয়ার পর বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের মায়ের কাছে জানতে চাওয়া হয়, কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নেই কেনো? তার উত্তরে ইশরাকের মা ইসমত আরা বলেন, এজেন্ট কেন নেই, কিছুই বলতে পারছি না। তবে ইশরাকের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।
একই ভাবে বিএনপির পোলিং এজেন্ট না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোন প্রশ্নের উত্তর দিতে রাজি না হলেও তিনি বলেন, আমার এই কেন্দ্রে পরিবার নিয়ে ভোট দিতে এসেছি। ভোট দিয়েছি। ভোট শেষ হলে সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করব। কিন্তু এখানে বিএনপির পোলিং এজেন্টরা কেনো নেই তা বুঝতে পারছি না।
সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বিএনপির বিভিন্ন অভিযোগ শুনে জানান, পোলিং এজেন্টদের একজন এসে চলে যেতে বললেই তারা চলে যাচ্ছে, তাহলে কিভাবে হবে! তাদের কেই চলে যেতে বললে তারা যেতে অস্বীকৃতি জানাবে। এরপর জোর করলে স্থানীয় প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবে। তারপরও না হলে আমাদের ম্যাজিস্ট্রেটদের বলবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।
ইত্তেফাক/আরএ

