সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিচারের দাবিতে সরব হয়েছেন শেখর সুমন। বিহারে গিয়ে সুশান্তের বাবার সঙ্গে দেখা করে সমবেদনাও জানিয়েছিলেন তিনি। সুশান্ত মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদনও নাকি জানিয়েছিলেন শেখর। সেই আবেদন মঞ্জুর হওয়ায় টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এরই মধ্যে এক বেসরকারি সংবাদমাধ্যমে সুশান্তের মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেতা ও হিন্দি টেলিভিশন সঞ্চালক। তাকে একহাত নিলেন বৃহন্মুম্বাই পুরনিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ ককানি।
একটি বেসরকারি সংবাদমাধ্যমে সুশান্ত সিং রাজপুত মামলা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শেখর দাবি করেন, ৫ জন চিকিৎসক সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন, তারা নাকি একসঙ্গে ছুটি নিয়ে বেড়াতে চলে গিয়েছেন। শেখর প্রশ্ন তুলেছিলেন, চিকিৎসকরা কি সম্পর্কে ভাই হন যে একসঙ্গে ছুটি নিয়ে বেড়াতে চলে গিয়েছেন?
তার এই প্রশ্নের পালটা জবাব দেন সুরেশ ককানি। তিনি জানান, করোনা সংকটের আবহে কোনও কর্মী ছুটি নেননি। নিরন্তর কাজ করে যাচ্ছেন তাঁরা। সবাই যখন এভাবে প্রতিদিন কাজ করে যাচ্ছেন, সে সময় এই ধরনের ভুল এবং বিভ্রান্তিকর মন্তব্য করা একেবারেই উচিত নয়। কিন্তু কেমন করে এই তথ্য পেলেন শেখর সুমন?
তা জানতে চাওয়া হলে অভিনেতা-সঞ্চালক জানান, তিনি সোশ্যাল মিডিয়া থেকে এই তথ্য পেয়েছেন। তারপরই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে কীভাবে সংবাদমাধ্যমে গিয়ে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করতে পারেন শেখর। যদিও এরপর আর এবিষয়ে কিছু জানাননি শেখর।
ইত্তেফাক/বিএএফ

