কখনো প্রকাশ্যে রাজনীতি করিনি: মৌসুমী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:১৯

নির্দিষ্ট করে কোনো দল করা হয়নি বলে জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, প্রকাশ্যে আমি রাজনীতি না করলেও মন থেকে আওয়ামী লীগকে সমর্থন করে আসছি। এ কারণেই একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী বলেন, তারকাদের নানা সময় নানা জায়গায় যেতে হয়। অনেক অনুষ্ঠানে গিয়ে ছবি তুলতে হয়। আমিও বিভিন্ন অনুষ্ঠানে যাই। কিন্তু তার মানে এই নয় যে, আমি নির্দিষ্ট করে কোনো দল করি।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মৌসুমী। এরপর বিএনপির একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়া মৌসুমীর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মূলত সংবাদ সম্মেলনে এসে এসব বিষয়ে কথা বলেন অভিনেত্রী।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেন চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

তিনি বলেন, চলচ্চিত্র ও রাজনীতিকে আমি কখনো আলাদা করে দেখিনি। কারণ রাজনীতিবিদ ও আমাদের লাইফ স্টাইল একই রকম।

আরো পড়ুন: ৩ থেকে ৪ লিটার করে দুধ দিচ্ছে ১৪ মাসের বকনা বাছুর

মৌসুমী আরো বলেন, রাজনীতির প্রেক্ষাপট এখন অনেক সুন্দর। আমি মনে করি নতুনদের রাজনীতিতে আশা উচিৎ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মন্ত্রিসভায় চমকের মধ্য দিয়ে তরুণদেরই ডাক দিয়েছেন।

অভিনেত্রী বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে আমিও মানুষের সেবা করতে চাই। সুযোগ পেলে ভালো কিছু করতে পারব। প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন ও দল থেকে সাড়া পাই তাহলেই জনগণের সেবা করার সুযোগ পাবো।

ইত্তেফাক/জেডএইচ