অবশেষে চূড়ান্ত হলেন বাঁধন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৩:৪২

প্রথমে শোনা গিয়েছিল জয়া আহসানের নাম। এর পর নাম এলো পরীমনির। অবশেষে এখন অবধি চূড়ান্ত নায়িকার নাম বাঁধন।

বলা হচ্ছে সৃজিতের নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে। মূলত বাংলাদেশি লেখক নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাস থেকে কোনো কাজ করার ইচ্ছে পোষণের পরপরই দেশীয় মিডিয়ায় কৌতুহলের পারদ ভারি হয়। সেই গল্প নিয়ে ভারতীয় ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এতে অভিনয় করছেন লাক্সসুন্দরী আজমেরী হক বাঁধন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের বর্ধমান ও দুর্গাপুর অঞ্চলে এরইমধ্যে শুরু হয়ে গেছে এর শুটিং। যেখানে অন্যতম চরিত্রে হাজির হচ্ছেন কলকাতার গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত।

গত জুলাইয়ে জানা গিয়েছিল, নাজিম উদ্দিনের এই আলোচিত উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। যেটি প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’।

জানানো হয়, এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও অভিনয় করবেন।

তবে এর পরপরই সৃজিত মুখার্জি এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ।

লেখেন, ‘এটি হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ। বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না। যা-ই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।’

তবে শেষ অবধি জানা যায় বাঁধনকে নিয়েই শুটিং করছেন এই নির্মাতা। এদিকে বিষয়টি নিয়ে বাঁধনের মুঠোফোনে যোগাযোগ করা হলে এটি বন্ধ পাওয়া যায়।

ইত্তেফাক/বিএএফ