বাংলা গানের প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে।
শাহনাজ রহমত উল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
শাহনাজ রহমত উল্লাহ ছিলেন দেশাত্ববোধক গানের জন্য অত্যন্ত জনপ্রিয়। তার উল্লেখযোগ্য গানগুলো হলো: এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়।
বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমত উল্লাহর গাওয়া চারটি গান স্থান পায়।
শাহনাজ রহমত উল্লাহর ভাই আনোয়ার পারভেজ ছিলেন এ দেশের প্রখ্যাত একজন সুরকার এবং সংগীত পরিচালক। আরেক ভাই জাফর ইকবাল ছিলেন এ দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক।
ইত্তেফাক/আরকেজি

