এসিডে ঝলসানো মুখ। দেখলেই যে কেউ আঁতকে ওঠবেন। সত্যি কি ইনি দীপিকা পাড়ুকোন? সত্যি, তবে বাস্তব জীবনে নয়। সিনেমার চরিত্রে এমন লুকেই হাজির হয়েছেন বলিউডের এই প্রখ্যাত নায়িকা।
মেঘনা গুলজারের পরের ছবি ‘ছপক’-এ অভিনয় করছেন দীপিকা। সেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা।
সোমবার সকালে প্রকাশ্যে এল সে ছবির ফার্স্ট লুক। সামাজিক যোযাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গেছে এই ছবি। প্রশংসায় ভরে যাচ্ছে দীপিকার সোশ্যাল মিডিয়ার ওয়াল। বিয়ের পর এই ছবির মাধ্যমেই অনস্ক্রিন কামব্যাক করবেন তিনি।
ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকা লিখেছেন, ‘এমন একটা চরিত্র, যা আমার সঙ্গে আজীবন থাকবে। ছপক-এর শুটিং শুরু হচ্ছে আজ। ২০২০-র ১০ জানুয়ারি মুক্তি পাবে।’
আরও পড়ুন : শেওড়াপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আগেই সাক্ষাত্কারে দীপিকা জানিয়েছিলেন, প্রথম যখন মেঘনা চিত্রনাট্য নিয়ে তাঁর কাছে যান, সে সময় এটা করার জন্য মানসিকভাবে তিনি তৈরি ছিলেন না। তিনি বলেন, ‘মেঘনার সঙ্গে পাঁচ মিনিট এটা নিয়ে কথা বলার পরই মনে হয়েছিল, ছবিটা আমি করব। কিন্তু এত আবেগ আছে, আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। একটু একটু করে নিজেকে তৈরি করেছি।’
দীপিকার সঙ্গে এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত মাসিকে। মুম্বাই এবং দিল্লিতে হবে শুটিং। ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরই এ ছবির জন্য অপেক্ষা শুরু হয়েছে সিনে মহলে।
ইত্তেফাক/কেআই

