প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে পাওয়া’। ১৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান সজল।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মের একটি কাহিনি নিয়ে এটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী, চিত্রনায়ক সাইমন ও নবাগত অভিনয়শিল্পীরা। সংবাদ সম্মেলনে নির্মাতা সাইদুর রহমান সজল বলেন, ‘আমি গতানুগতিক কোনো চলচ্চিত্র নির্মাণ করিনি। মানুষের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতেই ব্যতিক্রমধর্মী এ চলচ্চিত্র নির্মাণ করেছি।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনায় মানুষকে উদ্বুদ্ধ হতে হবে। মূলত দেশ ও জাতির জন্য এ চলচ্চিত্র নির্মাণ, এর কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এ চলচ্চিত্র ভূমিকা রাখবে বলে আশা করছি। এই চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও ভিশন তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ যাতে ছবিটি দেখে এজন্য গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।’

