শায়ান চৌধুরী অর্ণব। ভিন্নরকম গায়কী দিয়ে এদেশের গান প্রিয় মানুষদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগে। ক্যারিয়ারের শুরুটা ‘সে যে বসে আছে একা একা’ দিয়ে। এরপর অর্ণবের গান মানে এখনো তার ভক্তদের কাছে নতুন উন্মাদনা। মাঝে হঠাৎ করেই তার ডুবে যাওয়াটাও সঙ্গীতাঙ্গানের পাশাপাশি অর্ণবের ভক্তদের মাঝেও এক অভিমানের ছায়া রেখে যায়। তবে সকল অভিমান বা বিরতি শেষে ফিরেছেন সবার প্রিয় এই মানুষটি।
কয়েক মাস আগে ঢাকার একটি কনসার্টের মধ্য দিয়ে নিজের ফিরে আসার খবর দেন তিনি। এরপর টেলিভিশনেও দেখা গেছে তাকে। কিন্তু কবে আসবে অর্ণবের নতুন গান? এমন প্রশ্ন যেনো সকল ভক্তদের মনে। সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে ঈদের দিন।
দীর্ঘ বিরতির পর এবার নিয়ে আসছেন তার নতুন গান ‘কি হলে কি হতো’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘কি হলে কি হতো’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রদ্যুত চ্যাটার্জী। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশন হাউজের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী। গানের ভিডিওতে আছেন অর্ণব, জনপ্রিয় অভিনেত্রী মিথিলা এবং ইন্দ্রশীষ রায়। একটি বিশেষ চরিত্রে আছেন শ্রীজিত মুখার্জী।

ছবি: সংগৃহীত
গান প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এবারে অনেকটা সময় নিয়ে গানটি বের করলাম। গানটি নিজের মত করেই গাওয়া। শ্রোতাদের প্রত্যাশা হয়তো পূরণ হবে। আশা করছি শ্রোতাদের গানটি ভাল লাগবে। ভিডিওটিও ভালো লেগেছে আমার। দর্শকরাও আনন্দ পাবেন।’
ঈদের দিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘কি হলে কি হতো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
ইত্তেফাক/জেডএইচ
