৫৫ লাখের বাড়ির পর রানু পেলেন সালমানের নতুন অফার

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৫:৫৭

যাকে কেউ কোনোদিন পাত্তা দেয়নি, যাকে সকলে ভবঘুরে ভাবতো সেই রানু মণ্ডল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। রাণাঘাটের বেগোপাড়ার পঞ্চান্নর বছর বয়সী রানু মণ্ডল এখন সেলেব্রিটি। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন রানু।

জীবনটা তার বদলে গিয়েছে নিমিষেই। রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নীচে চমকাচ্ছে। ‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন গোটা দেশ জানে। ফেসবুকের একটা ভিডিও। সেই ভিডিওতে রানুর গলায় ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: পর্নোগ্রাফি মামলায় রাবির ছাত্রলীগ কর্মী গ্রেফতার

এরপর রানুর জীবনে অনেক পরিবর্তন আসে। একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন তিনি। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ন নগরী মুম্বাই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রানুর গান।

রানু ভাইরাল হওয়ার পরেই শোনা গিয়েছিল বিগ বসের শোতে তিনি ডাক পেতে চলেছেন। সে বিষয়ে এখনও নিশ্চিত খবর না পাওয়া গেলেও শোনা গেল অন্য এক সুখবর। এবার সালমান খানের তরফে এলো আসল চমক। রানুকে ৫৫ লাখ রুপির বাড়ি উপহার হিসাবে দিলেন সাল্লু ভাই। এখানেই থেমে থাকেননি ভাইজান। ‘দাবাং ৩’-তে প্লেব্যাকের সুযোগ দিলেন রানাঘাটের রানুকে।

২০২০-র ইদের মুক্তি পাবে দাবাংয়ের তৃতীয় পার্ট। ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে দাবাং গার্ল সোনাক্ষী সিনহাকে।

ইত্তেফাক/বিএএফ