ফ্যানে ময়লা জমেছে? 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০

ভ্যাপসা গরমে কোথাও শান্তি মেলেনা। গরমের সাথে এই এক পাক্ষিক যুদ্ধের সময় সকলের নজর সেই এক ফ্যানের উপরেই নিবদ্ধ থাকে। গরমের একমাত্র অবলম্বন ফ্যান থেকেই যদি ঠিকমতো বাতাস না মেলে তাহলে আর মুক্তি কোথায়৷ ফ্যানের পাখায় ধুলো, ঝুল আর ময়লা জমলে বাতাস কম পাওয়া যায়। তাই নিয়মিত ফ্যান পরিষ্কার করা উচিত। এতে পাখা দেখতেও সুন্দর থাকে এবং আপনি গরমেও মনমতো বাতাস পাবেন। কিন্তু কিভাবে ফ্যান পরিষ্কার করবেন? আসুন আজ দুটি সহজ পদ্ধতি দেখে নেই।

  • ফ্যান পরিষ্কার করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বৈদ্যুতিক সংযোগ চালু না থাকে। পানির কাজে এমনিতেই ভীষণ বিপদের ঝুঁকি থাকে। প্রথমত পানিতে ডিটারজেন্ট কিংবা সাবান গুলিয়ে নিন। তারপর একটা ন্যাকড়া বা সমজাতীয় কাপড় ভিজিয়ে নিন। ভেজা ন্যাকড়া চিপে পানি ঝরিয়ে ফ্যানের পাখাগুলো আলতো করে মুছে নিন। যদি আপনার পাখায় হালকা ময়লা বা ধুলো জমা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। 
  • অনেকেই বছরের পর বছর ফ্যান পরিষ্কার করার কথা মাথাতেও আনেন না। শুধু মাঝেমধ্যে ঝাড়ু দিয়ে একটু আধটু ছোঁয়া লাগানো। ফলে পাখার পাশে পুরু ময়লার আস্তর জমে। ঝাড়ুর কর্ম নয় এহেন ময়লা নির্মূল করা। সেক্ষেত্রে মোটা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। পুরনো বালিশের কভার এক্ষেত্রে বেশ কাজের। কভারটি আপনার ফ্যানের পাখায় লাগিয়ে নিন। তারপর কভারটি পাখার ব্লেডের বাইরের দিকে টানুন। ফলে সকল ময়লা ওই বেড কভারের ভেতরেই থাকবে। আপনার ঘর ময়লা হওয়ার সুযোগ কম। অনেক সময় শুকনো কভারে কাজ না হলে কভারটি ডিটারজেন্ট গুলানো পানিতে আলতো করে ভিজিয়ে নিন। এভাবে পাখা খুব সহজেই পরিষ্কার করে ফেলা যায়।

ইত্তেফাক/এআই