বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, লেখক, গবেষক, বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত বুদ্ধিজীবী ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরীন আহমাদ আজ বৃহস্পতিবার (১৪ মে) এক শোকবার্তায় বলেন, ‘অধ্যাপক ড.আনিসুজ্জামান ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি দেশ ও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
তারা বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আমৃত্য অবদান রেখেছেন। এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আনন্দ পুরস্কার, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে সম্মানসূচক পদ্মভূষণ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিটসহ দেশি-বিদেশি পদকে ভূষিত হয়েছেন।
আরো পড়ুন: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন
ড. আনিসুজ্জামানের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা উল্লেখ করে তারা বলেন, ‘তার মৃত্যু দেশ, জাতি ও বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে এবং ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইত্তেফাক/এএএম

