বঙ্গবন্ধুর খুনিদের অনুসন্ধানে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান 

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৭:২০

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে পলাতক তিন খুনির অনুসন্ধানে সহায়তার জন্য প্রবাসীসহ সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

শনিবার  মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচজন পলাতক খুনির মধ্যে দুইজনের অবস্থান আমরা জানি; একজন যুক্তরাষ্ট্রে এবং একজন কানাডায় অবস্থান করছে। তাদের ফেরত আনার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশিষ্ট তিনজন খুনির অবস্থান আমরা এখনো জানি না। তাদের অনুসন্ধান করার জন্য ইতোমধ্যে বাংলাদেশের সকল বৈদেশিক মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। খুনিদের বিষয়ে তথ্য দিয়ে সরকারকে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।


 

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

ইত্তেফাক/এসি/ইউবি