একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এবং উপনেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরকে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কার্যপ্রণালি বিধি ও এই সংক্রান্ত আইন অনুযায়ী স্পিকার এই অনুমোদন দিয়েছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও শরিক দলের নবনির্বাচিতরা গত ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও শপথ নেয়নি সাতটি আসন পাওয়া বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।
অন্যদিকে গত ৪ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এক বিবৃতিতে বলেন, 'জাতীয় পার্টি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ না দিয়ে একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নেবে। ‘পদাধিকার বলে’ তিনিই হবেন জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি এবং প্রধান বিরোধী দলীয় নেতা। আর দলের কো চেয়ারম্যান জি এম কাদের হবেন উপনেতা'।
আরও পড়ুনঃ সীতাকুণ্ডে ডাকাত শহীদ বাহিনীর আতঙ্ক
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জাতীয় সংসদে ‘সরকারি দলের বিরোধীতাকারী’ সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং গোলাম মোহাম্মদ কাদেরকে রিরোধীদলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ‘স্বীকৃতি’ প্রদান করেছেন'।
ইত্তেফাক/জেডএইচডি

