বিশ্ব ইজতেমায় সাদা পোশাকেও থাকবে র‍্যাব: বেনজীর আহমেদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

'শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনের লক্ষ্যে ইউনিফর্ম পরিহিত সদস্যের চেয়ে দ্বিগুণ পরিমান র‍্যাব সদস্য থাকবেন সাদা পোশাকে', বলেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বিএসইসি ভবনে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করে এই তথ্য জানান তিনি।

ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদারের বিষয়ে র‌্যাব মহাপরিচালক জানান, 'প্রতিটি খিত্তায় সিসি টিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি হেলিকপ্টার, নদীতে বোট, রাস্তায় জিপ এবং সোটরসাইকেলে সার্বক্ষণিক টহল দিবে র‌্যাব'। তিনি আরও বলেন, 'স্যোসাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে শেয়ার দেবেন না। না জেনে-শুনে এবং নিশ্চিত না হয়ে গুজব শেয়ার দিলে তার পরিণতি হবে ভয়াবহ। এক বছর ধরে বিভিন্ন বিভেদ এবং মতভেদ থাকার কারণে এবারের বিশ্ব ইজতেমায় আমাদের চ্যালেঞ্জ একটু বেশি। এই কারণেই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সতর্কাবস্থায় থাকবে'।

দেশের তাবলিগের মুরুব্বি ও সর্বস্তরের মুসল্লিদের ইজতেমায় আসার আহ্বান জানিয়ে বেনজীর বলেন, 'আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখানে উপস্থিত হবেন। কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা যেন না ঘটে। এ জন্য আপনাদেরও দায় রয়েছে। কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কাছে বলবেন। আমরা সব ব্যবস্থা নেব। দেশি লোকের পাশাপাশি বিদেশি গেস্ট থাকবে। তারা অনেকে হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসেন। সেই বিদেশি গেস্টরা যেন ভালোভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন তার জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ না নিতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য মুরুব্বিরাসহ আয়োজকদেরও সতর্ক থাকতে হবে। প্রতিবারের মতো এবারও আমাদের সাধ্য অনুযায়ী মুসল্লিদের মধ্যে বিনা পয়সায় পানি ও ওষুধ সরবরাহ করা হবে'।

আরও পড়ুন:  সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৪

এর আগে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা- ২০১৯ এর সার্বিক নিরাপত্তা বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে র‍্যাব। এ সময় র‍্যাব মহাপরিচালকের বক্তব্যের আগে বিশ্ব ইজতেমা- ২০১৯ এর সার্বিক নিরাপত্তার ওপর একটি ভিডিও উপস্থাপনা করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি