প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত দুইদিন তাপমাত্রা কমলেও আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: সাগর-নদীবন্দরে কোনো সংকেত নেই
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফণী’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পরে নিম্নচাপে পরিণত হয়। পরবর্তীতে এটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরিশেষে গুরুত্বহীন হয়ে পড়ে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ইত্তেফাক/এমআরএম

