ডেঙ্গুর কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৭:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, বন্যা ও মশাবাহিত রোগ ডেঙ্গু সরকারের কাজ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বন্যা ও ডেঙ্গু মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

কাদের আরও বলেন, ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারাদেশে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

তিনি আজ রবিবার রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে প্রতিনিধিদের মাধ্যমে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যে কোনো ধরনের দুর্যোগের সময় মানুষের পাশে থাকে। এ দল কখনো ত্রাণ নিয়ে রাজনীতি করে না।

তিনি বলেন, দেশের ১৮ টি জেলায় বন্যায় লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির নেতারা ত্রাণ বিতরণের নামে লোক দেখানো ফটোসেশন করে আর গুজব ছড়াচ্ছে।

আরও পড়ুন: পাঁচ সপ্তাহের জন্য পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ

এ বিষয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ শুধু বন্যার সময়ই দুর্গত মানুষের মধ্যে ত্রাণই বিতরণ করবে না, তাদের পুনর্বাসন পর্যন্তও তাদের পাশে থাকবে।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, বেগম জিয়া দেড় বছর ধরে কারাগারে থাকলেও তার মুক্তির জন্য দলটি তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। বাসস

ইত্তেফাক/কেকে