জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো নির্মিত হলে ধর্মপ্রাণ মুসল্লিদের আরো সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।
শনিবার দুপুরে উপজেলার লালদিঘী বাজারে পীরগঞ্জ মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে এ সকল মসজিদ নির্মাণ করছে। এই মসজিদে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। ইসলামী মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে।
এর আগে তিনি পীরগঞ্জের ফতেপুর মিয়া বাড়িতে উপস্থিত হয়ে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনজাত করেন।
আরো পড়ুন : পীরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক রাঙ্গা , পৌর মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সায়াদাত হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি

