ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার গোপীবাগের ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে জয়ী হলে মৌলিক নাগরিক সুবিধাগুলো পূরণ করতে কাজ করব। বিএনপিসহ সবাইকে নিয়ে ঢাকাকে উন্নত করতে কাজ করব। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করব।’
তিনি বলেন, ‘আশা করি আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা করতে পারব। আমাদের অনেক করণীয় রয়েছে। প্রথমত দীর্ঘদিন ঢাকাবাসী যে বঞ্চিত অবহেলিত নাগরিক সুবিধা থেকে, সেটাকে আমরা মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করব। যদি ঢাকাবাসী আমাকে জয়ী করেন, সেবা করার সুযোগ দেন, ঢাকাবাসীর মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই আমার প্রধান কাজ হবে।’
বর্তমান মেয়র সাঈদ খোকনকে পাশে দেখা যাচ্ছে না—সাংবাদিকদের এই কথার প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম সংগঠন, কেউ এর বাইরে নয়। তিনি বলেন, সকলকে নিয়েই আমরা কাজ করব। বিশেষ করে আমি ঢাকাবাসীর পক্ষে সকল সুশীল সমাজ, ঢাকা নিয়ে যারা চিন্তা করেন, নাগরিক সুবিধা নিয়ে যারা চিন্তা করেন, আপামর জনগণ—সবাইকে আমি আহ্বান জানাব এই সুযোগটাই (তাপসের মনোনয়ন) আপনারা কাজে লাগাবেন। আমাকে পরীক্ষা করে দেখবেন। আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
আরো পড়ুন: আমরা বিজয় ছিনিয়ে আনব : ইশরাক
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে মত জানতে চাইলে তিনি বলেন, তিনি ঢাকা-১০ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা (ভোটাররা) আমাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছেন। আমি সুযোগ পেয়েছি তাদের সেবা করার।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, তাপসের ভাই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অনেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর
