শাহাব উদ্দিনের মন্ত্রী হওয়ার খবরে এলাকায় আনন্দের বন্যা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:২৭

প্রায় তিন দশকের বেশি সময় ধরে সৎ এবং সজ্জন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত, ইউনিয়ন চেয়ারম্যানের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া এই সংসদ সদস্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। দশম সংসদের সরকারদলীয় হুইপের দায়িত্ব পালন করেন। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা।

শাহাব উদ্দিনের মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে বড়লেখা-জুড়ী উপজেলার ১ পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।

রবিবার দুপুরে শাহাব উদ্দিন পূর্ণ মন্ত্রী হচ্ছেন এই খবরটি তার নির্বাচনী এলাকায় প্রচার হয়। প্রথমবারের মতো জেলার এই আসনে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। দক্ষিণবাজার এলাকায় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন। এরপর পৌর শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও মিছিল করা হয়।

২০০৮ সালের নবম ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদে নির্বাচিত হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার। এলাকার মানুষের প্রতি সম্মান দেখিয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শাহাব উদ্দিনকে হুইপ করেন প্রধানমন্ত্রী। এবার নির্বাচনের প্রচারণায় পাশ করলেই পূর্ণ মন্ত্রী এমনটি গুরুত্বের সাথে স্থান পায়।

চারবারের নির্বাচিত সৎ, সজ্জন এই সংসদ সদস্যকে এবার পূর্ণমন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণতা করেননি তার নির্বাচনী এলাকার লোকজনসহ দলীয় নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী বলেন, ‘শাহাব উদ্দিনকে মন্ত্রী হিসেবে নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড়লেখা ও জুড়ী উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন। আমরা কৃতজ্ঞ।’ 

এক প্রতিক্রিয়ায় শাহাব উদ্দিন এমপি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ পাওয়া আমার একার নয়, বড়লেখা-জুড়ীবাসী তথা মৌলভীবাজারবাসীর। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।’

আরও পড়ুনঃ প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ ঘোষণা করলো ভেনিজুয়েলার সংসদ

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মো. শাহাব উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রাথী নাসির উদ্দিন মিঠু। এছাড়া তিনি ২০১৪, ২০০৮ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইত্তেফাক/নূহু