মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়া কান্না সত্যিই হাস্যকর: শিক্ষামন্ত্রী 

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৯:২৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে সেই স্বপ্ন কে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হননি সংবিধান পরিবর্তন করে তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের লেবাস দিয়েছিলেন। মানুষের সকল অধিকার সেদিন কেড়ে নেয়া হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পর্কিত সবকিছুকে সেদিন নিষিদ্ধ করা হয়েছিল। জয় বাংলা, বঙ্গবন্ধু ও ৭ মার্চের ভাষণ সেদিন নিষিদ্ধ ছিল। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মায়া কান্না সত্যিই হাস্যকর। 

শিক্ষামন্ত্রী শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সভাপতি হাজী আব্দুস সালাম বাবুর সভায় সভাপতিত্বে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব প্রমুখ বক্তব্য রাখেন। 

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনার এই মহামারীর সময়ে ও আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ নেই। অনলাইনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ শতাংশ। তিনি বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিতে সরকার কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

ইত্তেফাক/ইউবি