শীতার্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি নিক্সন চৌধুরীর আহ্বান

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:১৬

শীতে অসহায় ও গরীবদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বুধবার (৬ জানুয়ারি) বিকালে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, জনগণের ট্রাস্টের টাকায় পৌরসভা পরিচালিত হয়। মডেল এ গ্রেডের পৌরসভা হিসাবে তেমন কোন উন্নয়ন আপনারা পান নাই। আগামীতে স্বচ্ছ সৎ ব্যাক্তিকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন আমি আপনাদের সত্যিকার উন্নয়ন দেব। পৌরসভার রাস্তা ঘাটের যে অবস্থা তাতে করে মানুষ চলাচল করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতু ও আধুনিক হাইওয়ে এক্সপ্রেস ভাঙ্গা পর্যন্ত নির্মাণ করে দিয়েছেন। কিন্তু সেই ভাঙ্গা পৌরসভা দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পরে রয়েছে। এই নির্বাচনে দক্ষ ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচন করুন।

মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সহস্রাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, পৌর কাউন্সিলরগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ভাঙ্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

 

ইত্তেফাক/এমএএম