গীবত-ষড়যন্ত্র-হানাহানি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করুন: জাফরউল্লাহকে নিক্সন চৌধুরী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২০:২২

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘গীবত-ষড়যন্ত্র ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করি।’ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে তিনি এই কথার পাশাপাশি আরও বলেন, ‘আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আর আমি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা উভয়েই একই রাজনীতির ধারায় আছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আসুন দক্ষিণবঙ্গের আমূল পরিবর্তন আনি।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে ভাঙ্গা বাজার স্বর্ণকার পট্টিতে সংবর্ধিত হন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার বণিক সমিতির এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহর প্রতি নিক্সন চৌধুরীর আহ্বান ছিল, ‘আপনি আসেন, আমিও থাকবো। জনগণকে সঙ্গে নিয়ে আজ থেকেই একসঙ্গে কাজ করবো। আপনি মুরব্বি, আমি তো অনেক ছোট; এখানে লজ্জার কিছু নেই। আমার জীবনের সাতটি বছর জনগণকে ভালোবেসে তাদের উন্নয়ন ও মূল্যায়নের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে গেছি। আপনি ও আমি দুজনই মাঠে সক্রিয় থাকা সত্ত্বেও একই ধারার রাজনীতি করেছি। তাই আর লজ্জা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত রাখতে এখন থেকেই একসঙ্গে কাজ করতে চাই।’


সংবর্ধনা অনুষ্ঠানে ফুল গ্রহণ করছেন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: ইত্তেফাক

নিক্সন চৌধুরী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত হাইওয়ে এক্সপ্রেস নির্মাণ করে দিয়েছেন। তার আক্ষেপ, ‘দীর্ঘ ৪০ বছর ভাঙ্গা বাজারের কোনো উন্নয়ন হয়নি। দেশ-বিদেশের পর্যটকরা এখানে বেড়াতে এসে যদি ভাঙ্গা পৌরসভার বাজারে প্রবেশ করে তাহলে বস্তি ছাড়া কিছুই পাবে না। সুতরাং আমাদের সম্মান বাঁচানোর তাগিদে আসুন আর হানাহানি নয়, ভাঙ্গা পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করি। আর রাগ ও মান-অভিমান নয়, আসুন একমঞ্চে উঠে দেশ ও দশের স্বার্থে নিজেদের বিলিয়ে দেই।’

ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরো আয়োজন তত্ত্বাবধান করেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং ব্যবসায়ীরা।


 

ইত্তেফাক/এনএ/জেডএইচ