সফররত সৌদি প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১২:০৭

বাংলাদেশ সফররত সৌদি আরবের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।

 

দলটির চেয়ারপার্সনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী বলেন, তেল শোধন, সার, রেল পরিবহান ও বিমান সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কারখানাসহ বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের জন্য বাংলাদেশে আসা সৌদি প্রতিনিধি দলকে আমাদের উষ্ণ শুভেচ্ছা।

 

শুক্রবার পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

এনামুল হক চৌধুরী বলেন, 'মরহুম প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের প্রবর্তক । তা ছিল বাণিজ্যিক ও কূটনৈতিক। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে বাংলাদেশি শ্রমশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়ার সময় প্রথম সৌদি আরব সফর করেন। এটা ছিল উভয় দেশের মধ্যকার ভালো সম্পর্কের ফল এবং পারষ্পরিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং তারা বিদেশি মুদ্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন।'

 

বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর রেমিটেন্স ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনামুল হক চৌধুরী ।

 

তিনি বলেন, 'জিয়াউর রহমানের পর উভয় দেশের সম্পর্ক আরও নিবিড় ও ঘনিষ্টাতা পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার সময়ে। খালেদা জিয়ার সময়ে সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি বাংলাদেশে অসংখ্য প্রকল্পে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।’

 

আরো পড়ুন : নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি ছিল তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এনামুল হক চৌধুরী।

 

তিনি বলেন, 'আমাদের প্রত্যাশা বাণিজ্যিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর ও তাদের বিনিয়োগ আমাদের দেশের সেই সুবিধা অব্যাহত রাখবে।'

 

এনামুল হক চৌধুরী  বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 

ইত্তেফাক/এমআরএম