সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেবার প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২৩:০১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেবার প্রয়োজন নেই। আমাদেরকে দেখতে হবে কারা দুঃসময়ে দলের সঙ্গে ছিল, শেখ হাসিনার সঙ্গে ছিল, তাদেরই নেতৃত্বে রাখতে হবে, তাদের নিয়ে পথ চলতে হবে।’

মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আজ পরপর তিনবার ক্ষমতায়। সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়, যারা অতীতে ও দুঃসময়ে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তারাও আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়।

শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশ চায়নি, যারা একাত্তরের পরাজিত শক্তি, তাদের এদেশি এজেন্টরা এবং আন্তর্জাতিক যে শক্তি বাংলাদেশের অভ্যুদয় চায়নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজকের সময়ের দাবি হচ্ছে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধু হত্যার কুশীলব ছিল তাদের বিচার। জাতির দাবি হচ্ছে, শতবর্ষ পরের প্রজন্মকে সত্য জানানোর স্বার্থে তাদের মুখোশ  উন্মোচন করা, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিল। এজন্য আজকে জনগণের দাবি হচ্ছে একটি কমিশন গঠন করে তাদের বিচার করা।’

আরও পড়ুন: উচ্চ ডিগ্রীধারী ‘ভুয়া ডাক্তার’ গ্রেফতার

ড. হাছান বলেন, ‘ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ৪২ বছর পর পর্যন্ত আমরা অতিক্রম করতে পারিনি। আমরা ২০১৬-১৭ অর্থবছরের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটি অতিক্রম করতে পেরেছেন। 

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশের অগ্রগতির ঘূর্ণায়মান চাকাকে আবার ধাবমান চাকায় রূপান্তরিত করেছেন। বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনার নেতৃত্বে এটি পৃথিবীর সামনে উদাহরণ।

ইত্তেফাক/অনি