ত্রিশোর্ধ্বরাও সাময়িকভাবে চাকরিতে আবেদনের সুযোগ পাচ্ছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৩

শর্তসাপেক্ষে বয়স উত্তীর্ণ কমবেশি ৫০ হাজার চাকরি প্রত্যাশীর কপাল খুলল প্রধানমন্ত্রীর ইচ্ছায়। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন সংস্থায় এখন যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হবে, প্রার্থীর বয়স ৩০ বছর পার হলেও তারা আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, ২৫ মার্চ ২০২০ তারিখে তাদের বয়স ৩০ বছর থাকতে হবে; অর্থাত্ ঐ দিন পর্যন্ত যেসব চাকরি প্রত্যাশী স্বাভাবিকভাবে চাকরিতে আবেদনের যোগ্য বলে বিবেচিত হতেন, তারাই কেবল এই সুযোগ পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল ইত্তেফাককে বলেন, চাকরি প্রত্যাশীদের জন্য এটি বড় সুযোগ। প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির কারণেই এটি সম্ভব হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এটি করোনায় চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ ছাড় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটার মানে এই নয় যে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলো। এটি করোনাকালীন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। সেটিও ২৫ মার্চ পর্যন্ত যেসব নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছিল কিন্তু তারা নিয়োগ দিতে পারেনি সেসব ক্ষেত্রে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরই বহাল থাকছে। এটা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ২৫ মার্চ ২০২০ সাল পর্যন্ত তারিখে যেসব নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল কিন্তু করোনার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি, এখন সেসব বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ঐ তারিখে যাদের বয়স ৩০ বছর ছিল তারাও আবেদন করতে পারবে। মন্ত্রণালয়ের তথ্যমতে, ঐ তারিখ পর্যন্ত কমবেশি ৫০ হাজার পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

সূত্র জানায়, শুধু প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ হবে প্রায় সাড়ে ২২ হাজার। রেলওয়েতে নিয়োগ হবে সাড়ে ১৫ হাজার।