কাশ্মীর ও আসাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০২

কাশ্মীর ও আসাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত ছয় সপ্তাহ ধরে কাশ্মীরে অবরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসময়েই উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান মিশেল বাছেলেট। গতকাল তিনি মানবাধিকার কাউন্সিলের ৪২তম অধিবেশনে তার উদ্বোধনী ভাষণে এই উদ্বেগ প্রকাশ করেন। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘ ও দ্বিপাক্ষিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২২ জন স্বাধীনতাকামীকে গ্রেফতার করা হয়েছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জম্মু-কাশ্মীর নিয়ে প্রতিক্রিয়া দেখানোর সময় এখনই। খবর এনডিটিভি ও ডনের

মিশেল বাছেলেট বলেন, গত মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করে দেওয়ার পর ভারত সরকার যেভাবে সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে সেই সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন তিনি। মানবাধিকার কাউন্সিলের প্রধান বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ও শান্তিপূর্ণ সমাবেশে বিধিনিষেধ আরোপ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের আটকে রাখাসহ কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, আমি ভারতের কাছে বর্তমান অবরুদ্ধ পরিস্থিতি বা কারফিউকে সহজ করা, মৌলিক সেবাগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত এবং আটক নেতাদের মানবাধিকারের প্রতি যাতে শ্রদ্ধা জানানো হয় সেই অনুরোধ করছি। এসব ব্যাপারে কাশ্মীরের জনগণের সঙ্গে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মিশেল বাছেলেট। আসামের এনআরসিতেও উদ্বেগ প্রকাশ করেন বাছেলেট।

সমঝোতায় গুরুত্ব চীনের

জম্মু-কাশ্মীরের সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সংশ্লিষ্ট সনদ ও দ্বিপাক্ষিক সমঝোতায় গুরুত্ব দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইই বলেছেন, জম্মু-কাশ্মিরের পরিস্থিতি জটিল হয় এমন যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে বেইজিং।

আজাদ কাশ্মীরে গ্রেফতার ২২

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ২২ স্বাধীনতাকামীকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। পুঞ্চ জেলার হাজিরা সাবডিভিশন থেকে তাদের গ্রেফতার করা হয়। দ্বিতীয় দিনের মতো তারা স্বাধীনতার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। যদিও বিরোধীরা এই সংখ্যা বেশি বলে জানিয়েছে।