সৌরভ গাঙ্গুলি ভারতীয় বোর্ডের সভাপতি হওয়ার আগে থেকেই দিবা-রাত্রির টেস্টের পক্ষের মানুষ। তিনি দায়িত্ব নিয়েই বলেছিলেন, তারা দ্রুত ফ্লাড লাইটের নিচে টেস্ট খেলতে চান। এর আগে এ বিষয়ে রাজি ছিলেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাকে রাজি করানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মতামত চেয়েছিল ভারতীয় বোর্ড। গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তারা ইডেনেই পিঙ্ক বল টেস্ট খেলতে যাচ্ছেন। আগে খেলার অভিজ্ঞতা না থাকায় সমস্যা হবে মেনে নিয়েও কোচ বলছেন, এটা খুব রোমাঞ্চকর একটা ব্যাপার হতে যাচ্ছে।
দিবা-রাত্রির টেস্ট খেলা নিশ্চিত করে ডমিঙ্গো বলেছেন, এটা দুই দলের জন্যই দারুণ একটা সুযোগ। ইডেন গার্ডেন্সে এমন একটা আয়োজনের অংশীদার হওয়ার সম্ভাবনায় কোচ রোমাঞ্চিত বলে বলছিলেন, ‘একজন কোচ হিসেবে আমি মনে করি এবং আমাদের সিনিয়র ক্রিকেটাররাও মনে করে, এটা দারুণ একটা সুযোগ। আমার জানা মতে, ভারতও কখনো পিঙ্ক বল টেস্ট খেলেনি। আমরাও কখনো খেলিনি। ফলে দুই দল সমান অবস্থায় আছে। ইডেন গার্ডেন্সে এটা দুরন্ত একটা উপলক্ষ হতে যাচ্ছে। এটা দুই দলের জন্যই নতুন একটা অভিজ্ঞতা। ফলে আমরা সবাই রোমাঞ্চিত।’
কোচ বলছিলেন, এই ফ্লাড লাইটের নিচে খেলাটার জন্য তারা সবাই মুখিয়ে আছেন। তিনি বলছিলেন, ‘ফ্লাড লাইটের নিচে খেলাটা, বিশেষ করে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলাটা দারুণ একটা ব্যাপার হবে। ফলে আমরা সবাই এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
কোচ বলছিলেন, এই ক্রিকেট খেলার অভিজ্ঞতা দুই দলেরই না থাকায় দুই দল এক জায়গায় দাঁড়িয়ে আছে, ‘দুই দলের জন্য চ্যালেঞ্জ একই। হ্যাঁ, আমাদের অনেক খেলোয়াড় একটু চিন্তিত। কারণ, আমরা নিজেদের প্রস্তুত করার সময় পাচ্ছি না। ভারতের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তারাও তো এই পিঙ্ক বল টেস্ট আগে খেলেনি।’
আরো পড়ুন : চবির ‘ডি’ইউনিটের ফল প্রকাশ স্থগিত
তবে কোচ এটা স্বীকার করেছেন যে, এই ম্যাচ খেলাটা খুব কঠিন হতে যাচ্ছে তাদের জন্য, ‘সাধারণত একটা পিঙ্ক বল টেস্টের আগে একটা পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচ হয়। কিন্তু এখানে প্রথম টেস্ট খেলার পর আমরা তিন দিনের বিরতি পাচ্ছি। এর মধ্যে একদিন পথে চলে যাবে। তারপর দুই দিন হয়তো ঐ বলে অনুশীলন করতে পারব। ফলে একটু কঠিন হবে।’
ইত্তেফাক/ইউবি

