টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তথাপি একটি ওয়ানডে ম্যাচে জয় ছিল একধাপ উন্নতি। আর টি-টোয়েন্টিতে তো রীতিমতো দাপুটে শুরু করেছে সফরকারীরা। তাই শেষ ভালো হিসেবে বৃহস্পতিবারই সিরিজ জয়ের আশা করছে দলটি। অপরদিকে তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাই এই ম্যাচ জিতে সমতায় ফিরে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চায় স্বাগতিকরাও।
সিলেটে সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল। তবে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।
প্রথম ম্যাচে ব্যাট-বল দুদিকেই ব্যর্থ বাংলাদেশ। তবে এই ম্যাচে দুই বিভাগেই ভালো করতে চায় বাংলাদেশ। আগের ম্যাচে একমাত্র হাফসেঞ্চুরিয়ান ছিলেন সাকিব আল হাসান। দলে একটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন আবু হায়দার রনি। তার পরিবর্তে দলে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন।
আরো পড়ুন: ফতুল্লায় অগ্নিকাণ্ডে দগ্ধ মা-মেয়ের মৃত্যু
ব্যাটিংয়ের ভুল শুধরাতে বুদ্ধির প্রয়োগ চান সৌম্য। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সবাই তো জানি ওরা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এই ফরম্যাটে। আমরাও যে খারাপ করছি তা না। চেষ্টা তো করছি তাদের সাথে তাল মিলিয়ে চলার। হয়তো বা কোন একটা ভুল ছিল। কোন বুদ্ধির ঘাটতি ছিল হয়তো। আমরা শুরুতে তাদেরকে চার্জ করতে গিয়েছি। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার যদি আমরা হ্যান্ডেল করতাম, তাহলে শেষের দিকে আমরা রান আরও কাভার করতে পারতাম। হয়তো উইকেট ছিল না বিধায়, উইকেট শুরুতে পড়ে যাওয়ায় মাঝখানে একটু স্লো খেলা লাগছে।’
খেলার কৌশল নিয়ে তিনি বলেন, ‘শুরুর দিকে আমরা যারা আছি, তারা যদি পাওয়ার প্লে-টা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, উইকেটটা হাতে রাখতে পারি, শেষের দিকে ওইটা ভালো হবে।’
ইত্তেফাক/কেআই
