সময় যত যাচ্ছে, চার দিনের টেস্টবিষয়ক তর্ক-বিতর্ক ততই তীব্র হচ্ছে। এবার তাতে শামিল হলেন সাবেক লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আর তিনি মত দিয়েছেন এর বিপক্ষে। মাহেলার বক্তব্যটার আলাদা গুরুত্ব আছে, কারণ তিনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ক্রিকেট কমিটির সদস্য।
আইসিসি চিন্তা করছে, টেস্ট ক্রিকেটকে স্থায়ীভাবে চার দিনে নামিয়ে আনা হবে। সময় ও সূচি বাঁচানোর জন্য চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে আইসিসি। এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে তারা। তাদের পরিকল্পনা, ২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চার দিনে শেষ করা। তাদের দাবি সময় বাঁচার সঙ্গে সঙ্গে এর ফলে টেস্ট ক্রিকেট আরো আকর্ষণীয় ও বিনোদনদায়ক হবে। আর এই নতুন উদ্যোগের খবরে দুনিয়া জুড়ে ক্রিকেটারদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে জোরগলায় কথা বলছেন। বেশির ভাগ বর্তমান ক্রিকেটারই বলছেন, এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি করবে। বিরোধিতা করেছেন জো রুট, রিকি পন্টিং, শোয়েব আখতার, জাস্টিন ল্যাঙ্গার কিংবা ন্যাথান লিঁওরা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও লিটল মাস্টার শচিন টেন্ডুলকারও শক্তভাবে এর বিরোধিতা করেছেন। এবার সেই খাতায় নাম লেখালেন মাহেলা।
চারদিনের টেস্টের ধারণা পছন্দ হয়নি সাবেক এই লঙ্কান অধিনায়কের। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা পছন্দ করি না। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত অভিমত। টেস্টটাকে পাঁচদিনেই রাখা উচিত।’
আইসিসির ক্রিকেট কমিটির নেতৃত্বে এখন আছেন সাবেক ভারতীয় টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে। তিনি জানিয়েছেন, দুবাইয়ে আগামী ২৭ থেকে ৩১ মার্চ আইসিসির সভাচলাকালে চারদিনের টেস্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। মাহেলা বলেন,‘এই নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। তবে আবারো বলি আমি পরিবর্তনের পক্ষে নই।’
ক্রিকেটে চার দিনের টেস্টের ধারণা অবশ্য নতুন কিছু নয়। গেল বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ড চার দিনের টেস্ট খেলেছে। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত হয় ক্রিকেট ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট।
ইত্তেফাক/বিএএফ
