জাতীয় দলে ডাক পেলেন অবসরে যাওয়া ডোয়াইন ব্রাভো

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১১:২৩

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে দলে ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। গত বছরের ডিসেম্বরে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন এই অলরাউন্ডার। ব্রাভোর আবেদনের প্রেক্ষিতেই বোর্ড আর দেরি না করে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয় তাকে।  এরফলে ১৫ জানুয়ারি সেন্ট জর্জেসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে ফিরতে পারেন ডিজে ব্রাভো।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন ডোয়াইন ব্রাভো। পরে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৬ ম্যাচে ১১৪২ রান আর ৫২ উইকেট শিকার করেছেন ডিজে। মূলত চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতেই অবসর ভেঙে ফিরেছেন ডোয়াইন ব্রাভো।

এদিকে, ব্রাভো ছাড়াও ১৩ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার রভম্যান পাওয়েল। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাবিয়ান অ্যালেন ও কেমো পল আর বিশ্রাম দেয়া হয়েছে জেসন হোল্ডারকে। 

আইরিশদের বিপক্ষে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি স্কোয়াড:

কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমন্স এবং হেইডেন ওয়ালশ।

ইত্তেফাক/এসআই