ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন উমর আকমল। নিষিদ্ধ হতে পারেন আজীবনের জন্যও। অথচ এই আকমলের শুরুটা অসাধারণ হয়েছিল। নিজের সাবেক এই শিষ্যর বর্তমান পরিণতি দেখে দুঃখিত দলটির সাবেক কোচ মিকি আর্থার। তিনি বলেছেন, ক্যারিয়ারের শুরুতে ভালো শিক্ষা পেলে এই অবস্থা হতো না।
২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে তাদের ভয়াবহ বোলিং সামলে সেঞ্চুরি করে ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই আকমলের পরের জীবনটা কেটেছে বিতর্ক সামাল দিতে। এখন তার বিপক্ষে দুর্নীতির দুটি অপরাধের বিচার করছে পিসিবি। আকমল সিদ্ধান্ত নিয়েছেন আইনি লড়াই করবেন না। ফলে এখানেই শেষ হয়ে যেতে পারে তার ক্যারিয়ার।
আকমলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান শ্রীলঙ্কান কোচ আর্থার বলছিলেন, ‘এখন অবশ্যই তার জন্য অনেক দেরি হয়ে গেছে (ঘুরে দাঁড়াতে)। এটা খুবই দুঃখজনক, কারণ পছন্দ করার মতো অনেক কিছুই তার মধ্যে আছে। কিন্তু তার ক্ষেত্রে প্রয়োজন ছিল ক্যারিয়ারের শুরুতে তাকে শক্তভাবে সামলানো। আমার মনে হয় না, ক্যারিয়ারের শুরুতে সে সঠিক শিক্ষা পেয়েছে। কারণ ভালো শিক্ষা পেলে, যে পথ সে বেছে নিয়েছে, সেই পথে যাওয়ার কথা নয়।’
আরও পড়ুন: যুক্তরাজ্যে একদিনে প্রাণ গেলো ৪৪৯ জনের
আর্থার মনে করেন, আকমল তার প্রতিভার অপচয় করেছেন মাত্র, ‘তার সঙ্গে কাজ করা ছিল হতাশাজনক। প্রতিভার কোনো কমতি তার নেই, কিন্তু সে সব নষ্ট করেছে। দুর্ভাগ্যজনকভাবে, পাকিস্তান ক্রিকেট তাকে মনে রাখব এমন একজন হিসেবে, যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেনি।’
ইত্তেফাক/আরআই

