জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০৯:৫১

জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। বুধবার সকালে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইমরুল কায়েস ও লিটন দাস ব্যাটিংসের সূচনা করেছেন।

 

এর আগে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে ৩০৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় জিম্বাবুয়ের। প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। যদিও জিম্বাবুয়েকে ফলোঅন করানোর সুযোগ ছিল। 

 

মিরপুর স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ২৫ রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। তবে দিনের শুরুতে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ১৩১ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দলটি। যার চারটিই নেন তাইজুল। 

 

সেখান থেকে দলকে দারুণভাবে বের করে আনেন ব্রেন্ডন টেলর ও পিটার মুর। ষষ্ঠ উইকেটে এ দুজন ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। এরপর দলীয় ২৭০ রানে মুর ৮৩ রান করে আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন টেলর। সেঞ্চুরি করলেও টেলর দলীয় ২৯০ রানে আউট হয়ে যান। এর আগেই ১৯৪ বল থেকে ১০টি চারের মারে তিনি করেন ১১০ রান।

 

আরো পড়ুন : দায়িত্বটা উপভোগ করছেন তাইজুল

 

দলীয় স্কোরে আর কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ব্রেন্ডন মাভুতা। আর সবশেষ দলীয় ৩০৪ রানে রেগিস চাকাভার উইকেটটি নেন তাইজুল। তখনও টেন্ডাই চাতারার উইকেট হাতে ছিল জিম্বাবুয়ের। তবে চোট পাওয়ায় তিনি মাঠে নামেননি। এতে ৩০৪ রানেই দলটির প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটে। আরও ১৫ বল বাকি থাকলেও আম্পায়ারদ্বয় দিনের খেলার ইতি টানেন।

 

বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ১০৭ রানে নেন ৫টি উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৩টি ও আরিফুল হক নেন একটি করে উইকেট।

 

এর আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন সোমবার বিকেলে ৭ উইকেটে ৫২২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দলের পক্ষে মুমিনুল হক ১৬১ ও মুশফিকুর রহিম ২১৯ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৬৮ রান করে অপরাজিত ছিলেন।

 

প্রথম টেস্টে পরাজয়ের কারণে সিরিজের ফলাফল বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিক বাংলাদেশের সামনে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

 

 

ইত্তেফাক/ ইউবি