বিমানবন্দরে নেমে খুব একটা বিশ্রামের সুযোগ পাননি। সেদিনই চলে এসেছিলেন অনুশীলনে। আর অনুশীলনে এসে দেখা হয়ে গেল মুস্তাফিজুর রহমানের সঙ্গে। মুস্তাফিজকে জড়িয়ে ধরে অনেকক্ষণ গল্প করলেন ডেভিড ওয়ার্নার। হায়দারাদে মুস্তাফিজের অধিনায়ক ছিলেন ওয়ার্নার। একটু পর ওয়ার্নারের সঙ্গে হাত মেলালেন এসে অ্যালেক্স হেলস। এরকম ভাবে বিপিএলের অনুশীলনটা একটু সময়ের মধ্যে যেন হয়ে উঠলো এক বহুজাতিক মিলন মেলা। যেদিকে চোখ যায় তারকা আর তারকা। বিপিএল শুরু থেকেই বাংলাদেশের মাটিতে বিদেশি তারকাদের ভিড় জমাচ্ছে।
বিভিন্ন দেশের নামকরা সব ক্রিকেটার খেলে গেছেন এই টুর্নামেন্টে। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা। নানা কারণেই এবার বিপিএলে বিদেশি তারকার উপস্থিতি অন্য যে কোনো বারের চেয়ে বেশি। নামে অন্তত বড় বড় তারকা ভিড় করছেন এবারের আসরে। বিশ্বসেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স থেকে শুরু করে নেই এমন কোনো তারকা নেই।
আর এত সব তারকাকে বুকে নিয়েই আজ থেকে মাঠে গড়াচ্ছে ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ উদ্বোধনী দিনে প্রতিদিনের মতো দুটি খেলা। এবারের বিপিএলের প্রথম ম্যাচে, বেলা সাড়ে বারোটায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নস রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। দিনের দ্বিতীয় ম্যাচে, বিকাল ৫টা ২০ মিনিটে শুরু হবে ঢাকা ডায়নাইমাইটস ও রাজশাহী কিংসের ম্যাচ। এবারও গত আসরের মতো খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। তিন ভেন্যুতে ঘুরে ঘুরে প্রথম পর্বের খেলা শেষে নক আউট পর্বের খেলা ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। ৮ ফেব্রুয়ারি ফাইনালের ভেতর দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
দেখতে দেখতে পাঁচটি আসর পার করে এসেছে বিপিএল। প্রথম দুই আসর ছিল বেশ অগোছালো ও নানা রকমের অভিযোগে ভরপুর। সেই স্তর পার করে এসেছে বিপিএল। এখানে ফিক্সিং অভিযোগের বিচার হয়েছে। সে তুলনায় গত তিন আসর বিতর্ক ও অভিযোগ মুক্ত ছিল। এখন দিনকে দিন বিপিএলের প্রতি আকর্ষণ বাড়ছে।
আকর্ষণ বাড়ার কারণে বিদেশি নামী ক্রিকেটারদেরও বেশি পাচ্ছে বিপিএল। সেই সঙ্গে এবার বিপিএলের একটা সৌভাগ্য বলতে হবে একটি দুর্ঘটনাকে। অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক ও সহঅধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এখন বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ। তাই তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের বিপিএলে এনে ফেলেছে দুটি দল।
এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে বিদেশিদের মধ্যে খেলবেন শোয়েব মালিক, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালামখেইল ও স্টিভেন স্মিথ। খুলনা টাইটান্স দলে খেলবেন ডেভিড মালান, পল স্টার্লিং, ব্রেন্ডন টেলর, কার্লোস ব্রাথওয়াইট, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ ও ডেভিড ওয়াইজ।
সিলেট সিক্সার্সে বড় আকর্ষণ ওয়ার্নার তো আছেন। এ ছাড়া এই দলে খেলবেন সোহেল তানভীর, সন্দীপ লামিছানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলাবদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির ও মোহাম্মদ নওয়াজ।
আরো পড়ুন: সংসদ সদস্য নয়, খেলোয়াড় হিসেবে দেখতে বলছেন মাশরাফি
রংপুর রাইডার্সের ব্যাটিং তারকাখচিত। এই দলেই আছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, রিলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কোটরেল ও শিন উইলিয়ামস। ঢাকা ডায়নামাইটসে আছেন সুনীল নারিন, কিয়েরন পোলার্ড, হজরতউল্লাহ জাজাই, আন্দ্রে রাসেল, ইয়ান বেলরা। রাজশাহী কিংস দলে আছেন ক্রিস্টিয়ান জোঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডশেট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ হাফিজ।
চিটাগং ভাইকিংসে আছেন সিকান্দার রাজা, লুক রনকি, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, নাজিবুল্লাহ জাদরান।
সবমিলিয়ে এই লম্বা তালিকা বলে দিচ্ছে, বিপিএল এবার তারকাদ্যুতি ছড়াতে তৈরি।

