সম্প্রতি ডাক্তার দেখিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। সরকারি নিয়ম অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। ১৫ অক্টোবর শেষ হবে তার কোয়ারেন্টাইন। তাই ১৬ অক্টোবর থেকে ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন তামিম।
অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবি তথ্যমতে, ২৪ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা এখন ব্যক্তিগত অনুশীলনে জোর দিয়েছেন। ঈদের আগে শুরু হওয়া অনুশীলন ঈদের পরে আবার শুরু হয়েছে। ঈদের পর জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এই অনুশীলনে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তামিম ইকবাল বলেন, ‘আমি সরকারের নিয়ম মানছি। বিদেশ থেকে আসার পর আমাকে সরকার থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। আমার ১৫ তারিখে ১৪ দিন শেষ হবে। ১৬ তারিখ থেকে আমার প্ল্যান (পরিকল্পনা) ছিল অনুশীলন করার। আমি যদি নিয়ম ভেঙে কাজ করতাম তখন তো আপনারাই ধরতেন যে, আমি কীভাবে ১৪ দিনের নিয়ম ভাঙলাম।’
তামিম আরো বলেন, ‘বাংলাদেশ সরকারের যে নিয়ম, বিদেশ থেকে কেউ আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। আমাকে একটা কাগজ দিয়েছে এয়ারপোর্ট থেকে, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমার ১৪ দিনের কোয়ারেন্টাইন যেদিন শেষ হবে সেদিন থেকে আমি অনুশীলন করার চিন্তা করব। ১৬ তারিখ থেকে আমার অনুশীলনের সময়সূচি দেওয়া আছে। ঈদের আগে থেকে আমার প্ল্যান। ইংল্যান্ড থেকে যখন ফেরত আসছি তখন থেকেই বিসিবি জানে যে, আমি ১৬ তারিখ থেকে অনুশীলনে আসব।’
ইত্তেফাক/এসআই

