ফেরা হলো না ডি ভিলিয়ার্সের

আপডেট : ২০ মে ২০২১, ১৪:৪০

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ মার্ক বাউচার বলেছেন, আন্তর্জাতিক অবসর ভেঙ্গে এবি ডি ভিলিয়ার্সের ফিরে না আসাটা হতাশার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষে দল ঘোষণার আগমুহূর্তে নিজের সিদ্ধান্তের কথা জানান ডি ভিলিয়ার্স। অবশ্য দলে রাখা হয়নি ডি ভিলিয়ার্সকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। তার সিদ্ধান্তই চূড়ান্ত। অবসর গ্রহণের বিষয়টি অক্ষুণ্ণ রেখেছেন।’ টি-টোয়োন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স ফের আন্তর্জাতিক ম্যাচে ফিরতে যাচ্ছেন বলে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছিল। আগামী অক্টোবর ও নভেম্বরে ভারতে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

জোহানেসবার্গে সিটিজেন পত্রিকাকে বাউচার বলেন,‘এবির কাছে যুক্তি আছে। যার প্রতি আমি শ্রদ্ধাশীল। দুর্ভাগ্যবশত তিনি আর ফিরছেন না। আমি দুর্ভাগ্যজনক বলার কারণ, তিনি এখনো সেরা। বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি যে সেরাদের একজন সে বিষয়ে আমরা সবাই একমত।’

গত মাসে ডিভিলিয়ার্স বলেছিলেন যে ফর্ম ও ফিটনেসের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোভিড ১৯ এর সংক্রমণ বেড়ে স্থগিত হয়ে যাওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ দক্ষতা প্রদর্শন করেছেন প্রোটিয়া ব্যাটসম্যান। ১৬৪ দশমিক ২৮ স্ট্রাইক রেটে ৫১ দশমিক ৭৫ গড়ে ২০৭ রান করেছেন তিনি।

ইত্তেফাক/এমআর