পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তাই নিশ্চিন্ত হয়ে হ্যামিল্টনে চতুর্থটিতে একসঙ্গে বিশ্রাম দেয়া হয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগালো নিউজিল্যান্ড। বোল্ট ঝড়ে এই ম্যাচে ভারতকে মাত্র ৯২ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের জয় তুলে নিল কিউইরা।
বৃহস্পতিবার সকালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ভালো শুরুরই আভাস দিচ্ছিলেন। তবে ২১ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান ধাওয়ান।
এরপর মাত্র ১৯ রানের মধ্যে বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম একে একে তুলে নেন আরও ছয়টি উইকেট। বাকি তিন উইকেট নিতে অবশ্য কিউইদের খরচ করতে হয়েছে আরও ৫২ রান। ভারতের ইনিংসে যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ ১৮ রান করেন। এছাড়া হার্দিক পান্ডে ১৬, কুলদীপ যাদব ১৫ ও শিখর ধাওয়ান ১৩ রান করেন।
আরও পড়ুন: শিবপুরে বাস খাদে, নিহত ১
১০ ওভার বল করে ২১ রান খরচায় বোল্ট একাই তুলে নেন ৫ উইকেট। এছাড়া কলিন ডি গ্র্যান্ডহোম ২৬ রানের বিনিময়ে নেন তিন উইকেট।
জবাবে মাত্র ১৪.৪ ওভারে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। রস টেলর সর্বোচ্চ ৩৭ ও হেনরি নিকলস ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
ইত্তেফাক/কেআই

