চোটে পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ দলের সঙ্গ ত্যাগ করে ঢাকায় চলে এসেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
জানা গেছে, আজ সকালে দুবাই এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন সাইফউদ্দিন এবং বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুটি জয়েই ভালো অবদান রয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। সমর্থকরা আশা করছিলেন সুপার টুয়েলভ রাউন্ডেও এই ধারাবাহিকতা বজায় রাখবেন। কিন্তু শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো। চোটে পড়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন এই তরুণ তারকা।

গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পিঠের চোটে পড়েছেন সাইফউদ্দিন। তার বদলি টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তিনি এতদিন রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই ছিলেন।
আপাতত বিশ্রামে থাকবেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিগগিরই পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন সাইফউদ্দিন। আসন্ন পাকিস্তান সিরিজেও তার খেলার সম্ভবানা কম। বিশ্বকাপের পর আবুধাবি টি-টেন লিগ শুরু হবে। চোটের কারণে সেখান থেকেও ছিটকে গেছেন।
ইত্তেফাক/টিএ

