সুজনের বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৮:৪৭

স্টিভ রোডসকে বিদায় দেয়ার পর শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে দায়িত্ব নেয়ার পর শ্রীলঙ্কায় প্রথম ম্যাচেই দলের ভরাডুবি হয়েছে। সব বিভাগে বাজে পারফরমেন্সে কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তাই তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন টাইগাররা। 

সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল রবিবার দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই বাংলাদেশের। এ অবস্থায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ; এমন আশার কথাই জানালেন খালেদ মাহমুদ সুজন।

দ্বিতীয় ওয়ানডের আগে কলম্বোয় আজ শনিবার সুজন বলেন, ‘ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তবে এখনও আমাদের সুযোগ আছে। কালকের (রবিবার) ম্যাচে ভালো করতে পারলে ঘুরে দাঁড়াতে পারবো। আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে ভালো করার। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।’

আরও পড়ুন : বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মতো: ওবায়দুল কাদের

প্রথম ম্যাচে এমন ব্যর্থতার পর সিরিজে ফেরাকে কঠিন মানলেও অসম্ভব মনে করছেন না সুজন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ হারের পর সিরিজে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু লড়াইয়ে ফেরাটা অসম্ভব নয়। যদি আমরা দ্বিতীয় ম্যাচ জিততে পারি তবে সবকিছু অন্যরকম হয়ে যাবে। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তবে তাদের যে হারানো যাবে না তা কিন্তু না।’

প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, বোলারদের পারফরমেন্সে খুশি সুজন। ম্যাচের ইতিবাচক দিক খুঁজে বের করেছেন তিনি। বলেন, ‘একটা সময় মনে হয়েছিল শ্রীলঙ্কা ৩৭০-৩৮০ রান করবে। শেষ পর্যন্ত তা হয়নি। শেষ ১০ ওভারে আমরা ৭০ রান কম দিয়েছি, যা ইতিবাচক একটি দিক। তবে ব্যাটিং-এ শুরুতে অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। যদি দ্রুত উইকেট পতন না হতো তাহলে অন্য কিছু হতো।’

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কোনও পরিবর্তন আসছে কি-না, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমার মনে হয় না পরিবর্তন দরকার আছে। প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা দলটাই নামিয়েছি। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। আমি বিশ্বাস করি, পরিবর্তন সব সময় ইতিবাচক ফল নিয়ে আসে না।’

ইত্তেফাক/কেআই