শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংসের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ সময় ৩টা থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন এসেছে। পেসার রুবেল হোসেনের জায়গায় দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন তাইজুল।
এর আগে প্রথম ম্যাচে ৯১ রানে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে সিরিজে। আজ দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে সিরিজে টিকে থাকবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাই বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ।
সিরিজের প্রথম ওয়ানডেতে সব বিভাগেই শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। আগে ব্যাট করা শ্রীলঙ্কা অনেক বড় স্কোর করার ইঙ্গিত দিচ্ছিল। ৯৯ বলে ১১১ রান করে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন কুশল পেরেরা। কিন্তু শেষ ১০ ওভারে খুব বেশি রান করতে পারেনি তারা। তারপরও শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩১৪ রান করেছিল। বাংলাদেশের শফিউল ৩টি ও মুস্তাফিজ ২টি উইকেট নিয়েছিলেন।
আরো পড়ুন : গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র
জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারানো বাংলাদেশ কখনোই জয়ের পথে ছিল না। মাঝে মুশফিকুর রহিম ৬৭ ও সাব্বির রহমান ৬০ রান করে একটু আশা দেখিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ৪১.৪ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ইত্তেফাক/ইউবি
